প্রিন্ট এর তারিখঃ Oct 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
১৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না, এসআরবির হাতে ধরা
দীর্ঘ ১৪ বছর পালিয়ে ছিলেন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. লোকমান হোসেন (৪০)। তবে শেষ রক্ষা হলো না; অবশেষে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) এর অভিযানে গ্রেপ্তার হয়েছেন এ মাদক কারবারি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট পদ্ম মনসা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লোকমান হোসেন ওই গ্রামের তোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে।
এসআরবি-৮ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার লোকমান হোসেনের বিরুদ্ধে ২০১২ সালে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার আগে থেকেই আত্মগোপনে ছিলেন মাদক কারবারি লোকমান। এজন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরে গেপ্তারি পরোয়ানা তামিলকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ অধিনায়ক বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে এসআরবি-৮ ভোলা ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। অভিযান পরিচালনা করে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি